বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি দিলো যুক্তরাজ্য

৮ অক্টোবর, ২০২১ ১১:২২  
বাংলাদেশে দেয়া করোনাভাইরাসের টিকার সনদকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। ফলে বাংলাদেশ থেকে দেয়া সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইংল্যান্ডে গেলে সেখানে আর দশ দিন কোয়ারেন্টিনে থাকার ঝামেলা পোহাতে হবে না। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। কোনো রকম বাড়তি আয়োজন ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে মোবাইল ফোনেই এই সনদ পাচ্ছেন দুই ডোজ টিকাগ্রহণকারী। নিজেদের ডেভলপারদের মাধ্যমে এই সনদ ব্যবস্থাপনা করছে আইসিটি বিভাগ। যুক্তরাজ্যের পরিবহন বিভাগ বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, বাংলাদেশসহ ৩৭টি দেশের টিকা সনদকে তারা যুক্তরাজ্যে বৈধ টিকা সনদের তালিকায় যুক্ত করে নিয়েছে। যেসব দেশে যুক্তরাজ্য সরকারের অনুমোদিত কোভিড টিকা দেওয়া হয়, সেই তালিকাতেও বাংলাদেশের নাম উঠেছে। যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি টিকার অনুমোদন দিয়েছে। এগুলো হল- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন। কেবল এসব টিকা নেওয়া হলেই সেই সনদ গ্রহণ করবে যুক্তরাজ্য। এর মধ্যে প্রথম তিনটি টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে। জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলেও এখনও টিকাদান কর্মসূচিতে যুক্ত করা হয়নি।